সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা

আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নীতিমালা প্রকাশ করা হয়। প্রথমে ১৩ ই নভেম্বর ২০২৬ ইং তারিখে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির নীতিমালা- ২০২৭ প্রকাশ করা হলেও পরবর্তীতে ১৬ই নভেম্বর ২০২৬ ইং তারিখে নীতিমালা সংশোধন করে পুনরায় প্রকাশ করা হয়।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ইয়াসমিন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির নীতিমালা- ২০২৭ শিরোনামে এই নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালায় উল্লেখিত বিষয়বস্তু এই আর্টিকেল এর মাধ্যমে তুলে ধরা হলো। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৭ নিম্নরূপে প্রণয়ন করা হয়েছে:

যে সকল শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ৯ম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

শিক্ষার্থীর বয়স

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১লা জানুয়ারি তারিখে ছয় বছর বা তার বেশি তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে [জন্ম তারিখ ০১-০১-২০২০ হতে ৩১-১২-২০২০ পর্যন্ত] শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

শিক্ষাবর্ষ

সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৭ অনুযায়ী শিক্ষাবর্ষ হবে ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শ্রেণি/শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন।

ভর্তি কমিটি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থী ভর্তির জন্য নিম্নরূপ কমিটি গঠিত হবে।

ঢাকা মহানগরী ভর্তি কমিটি

  • মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা — সভাপতি
  • চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা — সদস্য
  • পরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা — সদস্য
  • উপসচিব/সিনিয়র সহকারী সচিব, সরকারি মাধ্যমিক-১, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় — সদস্য
  • জেলা প্রশাসক, ঢাকার একজন প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের) — সদস্য
  • উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল, ঢাকা — সদস্য
  • সহকারী পরিচালক (মাধ্যমিক-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা — সদস্য
  • বিদ্যালয় পরিদর্শক (ঢাকা অঞ্চল), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল, ঢাকা — সদস্য
  • ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকাগণ — সদস্য
  • সহকারী কমিশনার (সংশ্লিষ্ট), বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা — সদস্য
  • জেলা শিক্ষা অফিসার, ঢাকা — সদস্য
  • উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা — সদস্য-সচিব

জেলা পর্যায়ে ভর্তি কমিটি

  • জেলা প্রশাসক — সভাপতি
  • সিভিল সার্জন — সদস্য
  • অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) — সদস্য
  • নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (সংশ্লিষ্ট জেলা) — সদস্য
  • উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট জেলা সদর) — সদস্য
  • জেলা সদরের সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তাঁর মনোনীত প্রতিনিধি
  • (সহকারী অধ্যাপক পর্যায়ের নিচে নয়) — সদস্য
  • আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (সংশ্লিষ্ট জেলার ক্ষেত্রে) — সদস্য
  • জেলা শিক্ষা অফিসার — সদস্য
  • জেলা সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকাগণ — সদস্য
  • জেলা সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠতম প্রধান শিক্ষক/শিক্ষিকা — সদস্য-সচিব

উপজেলা পর্যায়ে ভর্তি কমিটি

  • উপজেলা নির্বাহী অফিসার — সভাপতি
  • উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা — সদস্য
  • উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার — সদস্য
  • উপজেলাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকাগণ — সদস্য
  • উপজেলা সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠতম প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা — সদস্য-সচিব

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ

শিক্ষাবর্ষ শুরুর পূর্বে কমিটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সভা আহ্বান করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে।

ভর্তি পরীক্ষার পদ্ধতি

ডিজিটাল লটারি: ১ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি

  • ১ম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। ১ম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ০৫ (পাঁচ) টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে ২ টি বিদ্যালয় পছন্দক্রম সম্পাদন হয়েছে বলে গণ্য হবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে সকল আবেদন বাতিল হবে।
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে। ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমান তালিকাও প্রস্তুত রাখতে হবে। ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষা: ২য়–৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি

  • ২য়–৯ম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমান তালিকাও প্রস্তুত রাখতে হবে। ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভর্তি পরীক্ষার মান বণ্টন ও সময়:

  • ২য়–৫ম শ্রেণি পর্যন্ত পূর্ণমান–৫০; তন্মধ্যে বাংলা–১৫, ইংরেজি–১৫ ও গণিতে–২০ নম্বর থাকবে।ভর্তি পরীক্ষার সময় হবে ১ (এক) ঘণ্টা।
  • ৬ষ্ঠ–৯ম শ্রেণি পর্যন্ত পূর্ণমান–১০০; তন্মধ্যে বাংলা–৩০, ইংরেজি–৩০ ও গণিতে–৪০ নম্বর থাকবে।ভর্তি পরীক্ষার সময় হবে ২ (দুই) ঘণ্টা।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানে শূন্য আসনের সংখ্যা উল্লেখপূর্বক ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন। এ ছাড়া ভর্তি কমিটি জাতীয়/স্থানীয় পত্রিকা/ওয়েবসাইট ইত্যাদিতে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিবে।

বিদ্যালয়সমূহকে ক্লাস্টারে বিভক্তকরণ

১ম–৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়সমূহের অবস্থান, শিক্ষার্থীদের সুবিধা/অসুবিধা বিবেচনা করে ভর্তি কমিটি বিদ্যালয়সমূহকে বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত করতে পারবে। শিক্ষার্থী প্রতি ক্লাস্টারের যে কোনো ০৩টি বিদ্যালয়ে আবেদন করতে পারবে।

ভর্তি আবেদন ফরম

  • আগামী ২০২৭ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ও আবেদনের ফি গ্রহণ এবং ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে করতে হবে।
  • ঢাকা মহানগরী ভর্তি কমিটি’ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী নির্ধারিত সফটওয়্যারে সারাদেশের ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • ডিজিটাল লটারি অনুষ্ঠানের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্বাচিত কারিগরি প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত সফটওয়্যারের যথার্থতা সরকার কর্তৃক স্বীকৃত অন্য একটি কারিগরি প্রতিষ্ঠান দ্বারা যাচাই করতে হবে এবং এ সংক্রান্ত প্রত্যয়নপত্র সংরক্ষণ করতে হবে।

শূন্য আসন নিরূপণ

ঢাকা মহানগরী ভর্তি কমিটি’ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারাদেশের সরকারি বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ নির্ধারিত সফটওয়্যারে তাঁদের প্রতিষ্ঠানের শ্রেণিভিত্তিক শূন্য আসনের সংখ্যাসহ অন্যান্য তথ্য প্রদান করবেন। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার সাত দিনের মধ্যে আসন পূরণ সম্পর্কিত বিস্তারিত তথ্য (ক্যাটাগরি অনুযায়ী) ঢাকা মহানগর কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

ভর্তি আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি

অনলাইনে ১ম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০/- (একশত দশ) টাকা এবং ২য়–৯ম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা গ্রহণ করা যাবে। সেশন চার্জ ও ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্ধারণ করতে হবে।

ডিজিটাল লটারি অনুষ্ঠান ও ফলাফল তৈরি

  • নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডিজিটাল লটারি অনুষ্ঠানের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান আবেদন ও ডিজিটাল লটারির ফলাফল প্রকাশের যাবতীয় তথ্য ‘ঢাকা মহানগরী ভর্তি কমিটি’র নিকট প্রদান করবে।
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘ঢাকা মহানগরী ভর্তি কমিটি’র সদস্যদের উপস্থিতিতে ১ম শ্রেণির জন্য লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
  • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ‘ঢাকা মহানগরী ভর্তি কমিটি’র নিকট থেকে প্রাপ্ত নির্বাচিতদের তালিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করবে এবং নোটিশ বোর্ডে টাঙিয়ে দিবে। কোন অবস্থাতেই নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার বাইরে কোন শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।

প্রশ্নপত্র প্রণয়ন

ভর্তি কমিটি যথাসময়ে ২য়–৯ম শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করবে। প্রশ্নপত্র অবশ্যই মানসম্মত ও শ্রেণি উপযোগী হতে হবে এবং এন.সি.টি.বি. এর সংশ্লিষ্ট শ্রেণির পাঠ্যবই হতে প্রশ্ন করতে হবে। প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা বিধান সুনিশ্চিত করতে হবে।

পরীক্ষা গ্রহণ

পরীক্ষার হলে সুস্থ আসন বিন্যাস ও পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকতে হবে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কমিটি/প্রধান শিক্ষক পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসনসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সহায়তা নিতে পারবেন। পরীক্ষা কমিটি পরীক্ষা শুরুর পূর্বে সরেজমিনে পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করবে। যথাসম্ভব সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। লিখিত পরীক্ষায় শিক্ষার্থীদের অবশ্যই কালো কালির কলম ব্যবহার করতে হবে।

উত্তরপত্র সংগ্রহ ও মূল্যায়ন

  • ২য়–৯ম শ্রেণির পরীক্ষা শেষে উত্তরপত্র রোল নম্বরের সিরিয়াল না করে শ্রেণিভিত্তিক সর্বোচ্চ ১০০টি করে বান্ডেল করতে হবে। ১০০টি করে বান্ডেল করার পর উত্তরপত্র অবশিষ্ট থাকলে তা আলাদা বান্ডেল করতে হবে। শ্রেণিভিত্তিক সকল বান্ডেল সিলগালা করে বিবরণীসহ স্কুলকেন্দ্রে দ্রুত জমা দিতে হবে।
  • কোড নম্বর প্রদান : কমিটি উত্তরপত্রে কোড নম্বর প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে। কোড নম্বর প্রদানের ক্ষেত্রে পরীক্ষা-সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোন শিক্ষককে দায়িত্ব দেয়া যাবে না। কোড নম্বর প্রদান শেষে কোড স্লিপ উত্তরপত্র থেকে আলাদা করে বিদ্যালয়, শিফট ও শ্রেণিভিত্তিক প্যাকেট করে সিলগালা করতে হবে। সিলগালাকৃত সকল কোড স্লিপ কমিটির হেফাজতে থাকবে যা শুধু ডিকোডিং-এর সময় খোলা হবে।
  • কোড নম্বর প্রদান করা শেষ হলে শ্রেণিভিত্তিক প্রতি গ্রুপ পরীক্ষকের জন্য উত্তরপত্র বান্ডেল করতে হবে। উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রয়োজনীয় উপকরণসহ প্রশ্নপত্র ও সহায়ক সমাধান প্রস্তুত রাখতে হবে।
  • প্রত্যেক ক্লাস্টারের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। পরীক্ষা কমিটির পরামর্শের আলোকে কেন্দ্র প্রধান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
  • এক বিদ্যালয়/ক্লাস্টারের উত্তরপত্র অন্য বিদ্যালয়/ক্লাস্টারের শিক্ষকগণ মূল্যায়ন করবেন। এ ক্ষেত্রে ক্লাস্টারের পরীক্ষার্থীর সংখ্যা ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষকের তালিকা কমিটি কর্তৃক পূর্বেই প্রস্তুত করতে হবে এবং পরীক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
  • প্রতি গ্রুপ পরীক্ষককে নম্বর ফর্ম সরবরাহ করা হবে। গ্রুপের নিরীক্ষক কোড নম্বরের ভিত্তিতে কোন প্রকার উপরি লিখন বা ঘষামাজা না করে সতর্কতার সাথে নম্বর ফর্ম তৈরি করবেন এবং গ্রুপের অন্যান্য পরীক্ষক কর্তৃক যাচাইকৃত উত্তরপত্রসহ কমিটির নিকট জমা দিবেন।

ফলাফল তৈরি

  • শিক্ষার্থীদের মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/জেলা প্রশাসক/ বিদ্যালয়সমূহের ওয়েবসাইটে (যেখানে প্রযোজ্য) প্রকাশ করা হবে। উক্ত তালিকা প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকাগণ বিদ্যালয়ে প্রকাশ করবেন এবং কমিটি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। ভর্তি কমিটির অনুমোদন ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বছরের অন্য সময়েও একক সিদ্ধান্তে কোন শিক্ষার্থী ভর্তি করতে পারবেন না। এর ব্যত্যয় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
  • সকল সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নপূর্বক নম্বর ইনপুট করতে হবে। এ বিষয়ে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনাক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অনুরূপ প্রক্রিয়া নির্ধারণ করে তা সংশ্লিষ্ট সকলকে অবহিত করবে।

কোড নম্বর প্রদান থেকে শুরু করে ফলাফল প্রকাশ করা পর্যন্ত ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কাগজপত্র কমিটি এক বছর পর্যন্ত সংরক্ষণ করবে।

আসন সংরক্ষণ

  • ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মোট আসনের ১০ শতাংশ আসন স্বতন্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
  • ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়সমূহে ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ৬০ শতাংশ আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা মহানগরীর সকল সরকারি বিদ্যালয়ের আওতাধীন ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করবে।
  • মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা কোটা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম গ্রহণ করবে। উক্ত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে ৩ শতাংশ শহীদ/সহযোদ্ধা এবং বাকি ২ শতাংশ সাধারণ প্রার্থীদের মধ্যে হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনো ক্ষেত্রেই আসন শূন্য রাখা যাবে না।
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে এ ক্ষেত্রে প্রমাণপত্র যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন দাখিল করতে হবে। উক্ত আসনে কোনো শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনো ক্ষেত্রেই আসন শূন্য রাখা যাবে না।
  • শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীনস্থ দপ্তর/সংস্থা (তফসিল-ক ও খভুক্ত) কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে ১ শতাংশসহ মোট ২ শতাংশ আসন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রত্যয়নপত্র ও ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংরক্ষিত থাকবে। তবে সাধারণ কোটার সর্বোচ্চ সংখ্যা গণনা করতে হবে। উক্ত আসনে কোনো শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনো ক্ষেত্রেই আসন শূন্য রাখা যাবে না।
  • কোন প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর/সহোদরা যদি পূর্ব থেকে অধ্যয়নরত থাকে অথবা যে সকল সহোদর/সহোদরা নতুন আবেদন করবে তাদের জন্য ৩% আসন সংরক্ষিত থাকবে। তবে এ সুবিধা কোনো প্রতিষ্ঠানে মোট ০৩ (তিন) সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে। কোনো প্রতিষ্ঠানে সহোদর/সহোদরার আবেদন পাওয়া না গেলে উক্ত ৩% আসন যমজ ভাই/বোনের জন্য উন্মুক্ত থাকবে। উক্ত আসনে কোনো শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনো ক্ষেত্রেই আসন শূন্য রাখা যাবে না।
  • কোন প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর যমজ ভাই/বোন যদি পূর্ব থেকে অধ্যয়নরত থাকে অথবা যে সকল যমজ ভাই/বোন নতুন আবেদন করবে তাদের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে। তবে এ সুবিধা কোনো দম্পতির মোট ০৩ (তিন) সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে। কোনো প্রতিষ্ঠানে যমজ ভাই/বোনের আবেদন পাওয়া না গেলে উক্ত ২% আসন সহোদর/সহোদরার জন্য উন্মুক্ত থাকবে। উক্ত আসনে কোনো শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনো ক্ষেত্রেই আসন শূন্য রাখা যাবে না।
  • শিক্ষা বোর্ডের আওতাধীন রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় নির্বাচিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শিক্ষা বোর্ডকে অবহিত করবেন। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ড নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করবে।

বদলির আবেদন

সরকারি কর্মকর্তা/কর্মচারীগণ এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি হলে তাদের সন্তানদের সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নিম্নের শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেনঃ

  • ভর্তির জন্য প্রমাণপত্রসহ ভর্তি কমিটির সভাপতির বরাবর বদলির আদেশের তারিখ থেকে ১২ (বারো) মাসের মধ্যে আবেদন করতে হবে।
  • সকল মহানগরী/সিটি কর্পোরেশন/বিভাগীয় শহরের মধ্যে বদলিকৃত কর্মস্থল ১০ (দশ) কি.মি. (Google Map অনুযায়ী) এর অধিক হলে তার সন্তান কর্মস্থলের নিকটস্থ সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
  • জেলা/উপজেলা/থানার মধ্যে বদলিকৃত কর্মস্থলের নিকটস্থ সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তার সন্তান ভর্তির সুযোগ পাবে।
  • বদলিজনিত কারণে সরকারি কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের ভর্তির জন্য প্রতি শ্রেণি শাখায় মোট আসনের ৫% অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে।
  • সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী অগ্রাধিকার পাবে।
  • সরকারি কর্মকর্তা/কর্মচারীগণ তার পূর্বতন কর্মস্থলে পুনরায় বদলি হয়ে আসলে তাদের সন্তানদের পূর্বতন শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় ভর্তির সুযোগ পাবে।
  • বিভিন্ন কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে সকল কাগজপত্রের মূলকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যাচাই-বাছাই করে ভর্তি নিশ্চিত করতে হবে।
👉 সংশ্লিষ্ট ভর্তি কমিটির আওতাধীন কোন শিক্ষার্থীকে একই শ্রেণিতে উভয় বিদ্যালয়ের সম্মতির ভিত্তিতে পারস্পরিক বদলি ভিত্তিক ভর্তি করা যাবে। এজন্য শিক্ষার্থী/অভিভাবককে সংশ্লিষ্ট ভর্তি কমিটির সভাপতির নিকট আবেদন করতে হবে এবং এ নীতিমালার আলোকে উক্ত কমিটি ভর্তির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

👉 সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/কর্মচারীগণের ভর্তিযোগ্য সন্তান সংখ্যার সমসংখ্যক অতিরিক্ত আসন স্ব স্ব বিদ্যালয়ে সংরক্ষিত থাকবে। তবে শিক্ষক/কর্মচারীর কর্মরত বিদ্যালয়ে ভর্তিযোগ্য শ্রেণি না থাকলে এবং তার ভর্তিযোগ্য সন্তান বালিকা হলে নিকটস্থ সরকারি বালিকা/সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। শিক্ষক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তিযোগ্য সন্তান বালক হলে নিকটস্থ সরকারি বালক/সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক যদি সহশিক্ষা বিদ্যালয়ে কর্মরত থাকেন এবং তার ভর্তিযোগ্য সন্তান ভিন্ন লিঙ্গের হওয়ায় উক্ত বিদ্যালয়ে ভর্তির উপযুক্ত না হয় তবে নিকটস্থ উপযুক্ত বিদ্যালয়ে (প্রযোজ্য ক্ষেত্রে) অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ভর্তি কমিটিকে অবহিত করবেন।

👉 কোন সরকারি কর্মকর্তা/কর্মচারী কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার সন্তান যে এলাকায় স্থায়ী হবে সে এলাকার সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাবে। সংশ্লিষ্ট ভর্তি কমিটি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

👉 কোন সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী যার পিতা-মাতা নেই এমন শিক্ষার্থী কোন কারণে বাসস্থান পরিবর্তন করলে পরিবর্তিত এলাকার সরকারি স্কুলে সে সম্মানভিত্তিতে ভর্তি হতে পারবে। সংশ্লিষ্ট ভর্তি কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

👉 সরকারি স্কুলে অধ্যয়নরত কোন শিক্ষার্থীর পিতা/মাতার মৃত্যুজনিত কারণে বর্তমান আবাসস্থল স্থানান্তর করলে স্থানান্তরিত এলাকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানভিত্তিতে ভর্তি হতে পারবে। সংশ্লিষ্ট ভর্তি কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভর্তি পরীক্ষার জন্য ব্যয় নির্বাহ

ডিজিটাল লটারিতে ভর্তি পরীক্ষার জন্য ব্যয় নির্বাহ

  • ডিজিটাল লটারিতে গৃহীত পরীক্ষার ভর্তি ফি বাবদ প্রাপ্ত মোট টাকা হতে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের চুক্তিমূল্য রেখে অবশিষ্ট টাকার বিতরণ প্রক্রিয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক উপকমিটি গঠনপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

লিখিত ভর্তি পরীক্ষার জন্য ব্যয় নির্বাহ

  • লিখিত ভর্তি পরীক্ষার ভর্তি আবেদন ফি বাবদ বিদ্যালয় প্রাপ্ত অর্থ হতে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের চুক্তিমূল্য রেখে অবশিষ্ট টাকার ৫০% অর্থ দিয়ে প্রতিষ্ঠান প্রধান বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খরচ (যেমন- বিজ্ঞপ্তি প্রচার, মূল্যায়ন মূল্য, যাতায়াত, আসন বিন্যাস, পরীক্ষা গ্রহণ, আপ্যায়নসহ বিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট সকলের সম্মানী/পারিশ্রমিক, বিবিধ খরচ ইত্যাদি) এর জন্য ব্যয় নির্ধারণ করবেন এবং ভাউচার সংরক্ষণ করবেন।
  • অবশিষ্ট ৫০% অর্থ ভর্তি কমিটির নিকট জমা দিতে হবে। এ অর্থ থেকে কমিটির সদস্য সচিব ভর্তি সংক্রান্ত সভার খরচ, বিজ্ঞপ্তি প্রচার, আবেদনপত্র ও ফরম, প্রশ্নপত্র প্রস্তুত, উত্তরপত্র মূল্যায়ন, উত্তরপত্র মূল্যায়নের সম্মানী ও আপ্যায়ন, ডিকোডিংসহ ফলাফল তৈরি, যাতায়াত, আপ্যায়ন, কমিটির সদস্য, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের সম্মানী/পারিশ্রমিক, বিবিধ খরচ ইত্যাদির জন্য ব্যয় নির্ধারণ করবেন এবং ভাউচার সংরক্ষণ করবেন।

👉এ নীতিমালা পরবর্তীতে হালনাগাদ/পরিবর্তন/পরিমার্জন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এ নীতিমালা প্রয়োগকালীন কোন অস্পষ্টতা/অনুবিধা পরিলক্ষিত হলে তা দূরীকরণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নীতিমালা জারি করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url