চুল ঝরে পড়ার আসল কারণ ও যত ভুল ধারণা
অনেকেরই ধারণা, দীর্ঘসময় হেলমেট ব্যবহার করলে চুল পড়ার সমস্যা দেখা দেয়। আবার কেউ মনে করেন, হিজাব পরার কারণে মাথার ত্বকে পর্যাপ্ত বাতাস পৌঁছায় না, যার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। কারও বিশ্বাস, শ্যাম্পু পরিবর্তন কিংবা নিয়মিত তেল ব্যবহারের মাধ্যমে চুল পড়া বন্ধ করা সম্ভব। চুল পড়ার কারণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে মানুষের মধ্যে এমন নানা প্রচলিত ধারণা রয়েছে। তবে এসব ধারণার কতটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন দেখা দেয়।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের (NHS) তথ্য অনুযায়ী, প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল ঝরে পড়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার অংশ। তবে স্বাভাবিকের তুলনায় চুল পড়ার হার বেড়ে গেলে বিষয়টিকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যখন অতিরিক্ত চুল ঝরে পড়ে এবং সেই অনুপাতে নতুন চুল গজায় না, তখন এ অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অ্যালোপেশিয়া বলা হয়।
এনএইচএসের তথ্যমতে, বিশ্বজুড়ে ১৪ কোটিরও বেশি মানুষ অ্যালোপেশিয়া বা আংশিক কিংবা সম্পূর্ণ টাকের সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, চুল পড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও কখনো কখনো এর পেছনে বিভিন্ন রোগ, যেমন- হরমোনের ভারসাম্যহীনতা, পুষ্টির অভাব কিংবা মানসিক চাপের মতো কারণ থাকতে পারে। তাই চুল পড়ার ক্ষেত্রে কোনটি স্বাভাবিক, কোনটি উদ্বেগের বিষয় এবং এ নিয়ে প্রচলিত কোন ধারণাগুলো ভুল—সেগুলো সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চুল কেন পড়ে?
ব্যক্তিভেদে চুল পড়ার কারণ ভিন্ন হতে পারে। বংশগত বৈশিষ্ট্য, বয়স, চুল ও মাথার ত্বকের অপরিচ্ছন্নতা কিংবা হরমোনের পরিবর্তন—বিভিন্ন কারণে এ সমস্যা দেখা দিতে পারে। নারী ও পুরুষের ক্ষেত্রে চুল পড়ার ধরনও এক নয়। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা প্যাটার্ন বল্ডনেস। এ ক্ষেত্রে কপালের দুই পাশ থেকে চুল ধীরে ধীরে পাতলা হতে থাকে এবং মাথার মাঝের অংশেও টাক দেখা দিতে পারে।
অন্যদিকে, নারীদের ক্ষেত্রে সাধারণত মাথার মাঝখানের সিঁথি ক্রমশ চওড়া হয় এবং সামগ্রিকভাবে চুলের ঘনত্ব কমে যায়। বংশগত বৈশিষ্ট্য ও হরমোনের প্রতি চুলের সংবেদনশীলতা এ ধরনের চুল পড়ার অন্যতম কারণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাটি আরও প্রকট হতে পারে। এ ছাড়া পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), গর্ভাবস্থা এবং সন্তান জন্মের পর হরমোনের পরিবর্তনের কারণেও নারীদের চুল পড়তে পারে। থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলেও এ সমস্যা দেখা দেয়।
অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট ও কসমেটিক সার্জন ডা. শায়লা হকের মতে, বংশগত কারণের পাশাপাশি শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণেও চুল পড়তে পারে। এ ছাড়া পুষ্টির ঘাটতি, বিশেষ করে আয়রন, ভিটামিন ডি ও জিংকের অভাব চুল পড়ার অন্যতম কারণ। অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তাও এ সমস্যাকে বাড়িয়ে দিতে পারে বলে তিনি জানান। তাঁর মতে, নারী ও পুরুষের চুল পড়ার কারণ ও ধরনে পার্থক্য রয়েছে। নারীদের ক্ষেত্রে হরমোনের ভারসাম্যহীনতা এবং ভিটামিন ডি-এর ঘাটতি চুল পড়ার উল্লেখযোগ্য কারণ।
চুলের প্রধান উপাদান হলো কেরাটিন নামের এক ধরনের প্রোটিন। শরীরে প্রোটিন, আয়রন, জিংক, ভিটামিন ডি, ভিটামিন বি-১২ ও বায়োটিনের অভাব দেখা দিলে চুলের স্বাভাবিক গঠন ও শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশে অনেক নারী আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতায় ভোগেন, যা চুল পড়ার পেছনেও ভূমিকা রাখতে পারে। এ ছাড়া দ্রুত ওজন কমানোর জন্য কঠোর ডায়েট অনুসরণ, দীর্ঘসময় না খেয়ে থাকা কিংবা অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণেও চুল পড়ার প্রবণতা বাড়তে পারে।
শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের প্রভাবেও অনেক সময় হঠাৎ চুল পড়া শুরু হয়। যেমন—উচ্চ জ্বর, ডেঙ্গু, টাইফয়েড, কোভিড-১৯, অস্ত্রোপচার কিংবা সন্তান জন্মদানের দুই থেকে তিন মাস পর অনেকের অতিরিক্ত চুল ঝরতে দেখা যায়।
মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও চুল পড়ার কারণ হতে পারে। খুশকি, সেবোরিক ডার্মাটাইটিস ও ছত্রাকের সংক্রমণ মাথার ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য ব্যাহত করে চুল পড়া বাড়াতে পারে। এ ছাড়া অ্যালোপেশিয়া এরিয়াটা নামের একটি অটোইমিউন রোগে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত চুলের ফলিকলে আক্রমণ করে, ফলে চুল উঠে যায়।
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও চুল পড়তে পারে। এর মধ্যে ক্যানসারের কেমোথেরাপি, উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা ও বাতের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ উল্লেখযোগ্য। পাশাপাশি চুলের সৌন্দর্য বাড়াতে অতিরিক্ত কেমিক্যাল ট্রিটমেন্ট, হেয়ার রিবন্ডিংসহ বিভিন্ন প্রসাধনমূলক পদ্ধতি ব্যবহার করলেও চুল ক্ষতিগ্রস্ত হয়ে ঝরে পড়তে পারে বলে জানান ডা. শায়লা হক।
হিজাব বা হেলমেট পরলে কি চুল পড়ে?
বাংলাদেশের মতো উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘসময় হেলমেট পরে থাকলে মাথার ত্বকে ঘাম জমতে পারে। ঘামের সঙ্গে ধুলাবালি ও তেল মিশে মাথার ত্বকে খুশকি, ছত্রাকের সংক্রমণ কিংবা ফলিকিউলাইটিসের মতো সমস্যা তৈরি করতে পারে। এসব সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে চুল পড়ার প্রবণতাও বেড়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, চুল পড়ার জন্য সরাসরি হিজাব বা হেলমেটকে দায়ী করা ঠিক নয়।
ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিনের মতে, দীর্ঘসময় মাথা ঢেকে রাখলে ভেতরে আর্দ্রতা ও ঘাম জমে যায়। এতে চুলের ফলিকল ও মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাঁর মতে, বাংলাদেশের আবহাওয়ায় দীর্ঘক্ষণ হেলমেট, ক্যাপ কিংবা হিজাব পরে থাকলে মাথার ত্বকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিতে পারে।
অন্যদিকে, হিজাব, টুপি কিংবা হেলমেটের স্ট্র্যাপ অতিরিক্ত শক্ত করে পরলে এবং প্রতিদিন একই জায়গায় চুলে টান পড়লে এক ধরনের চুল পড়ার সমস্যা তৈরি হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ট্র্যাকশন অ্যালোপেশিয়া। তবে সাধারণভাবে টুপি বা হেলমেট পরার কারণে এ সমস্যা হয় না। বরং দীর্ঘদিন ধরে চুল খুব শক্ত করে বাঁধা, একইভাবে চুল টেনে রাখা কিংবা বারবার একই ধরনের হেয়ারস্টাইল করার ফলে এ সমস্যা বেশি দেখা যায়।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শায়লা হক জানান, হেলমেট অতিরিক্ত আঁটসাঁট হলে চুলের ফলিকলে চাপ সৃষ্টি হতে পারে, যা চুল পড়ার পাশাপাশি চুল ভেঙে যাওয়ার কারণও হতে পারে। এ ছাড়া অতিরিক্ত ঘামের কারণে মাথার ত্বকে জ্বালাপোড়া ও সংক্রমণ দেখা দিতে পারে। গোসলের পর চুল ভালোভাবে না শুকিয়ে হেলমেট পরলেও চুল ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। কারণ ভেজা অবস্থায় চুল তুলনামূলক বেশি নরম ও দুর্বল থাকে।
এসব সমস্যা এড়াতে হেলমেটের ভেতরের প্যাড নিয়মিত পরিষ্কার রাখা, ঘামে ভেজা হেলমেট দীর্ঘসময় ব্যবহার না করা এবং চুল সম্পূর্ণ শুকানোর পর হেলমেট পরার পরামর্শ দেন চিকিৎসকেরা। মাথায় খুশকি, চুলকানি কিংবা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।
হিজাব ব্যবহারের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা প্রয়োজন বলে মনে করেন ডা. ইরিন। তাঁর পরামর্শ, হিজাব খুব শক্ত করে বাঁধা উচিত নয়। অনেকেই হিজাবের ওপর একাধিক স্তর ব্যবহার করেন, যা মাথায় তাপ ও আর্দ্রতা বাড়াতে পারে। তাই মাথার ত্বকে বাতাস চলাচলের সুযোগ রাখতে হিজাব কিছুটা ঢিলেঢালাভাবে পরা ভালো।
অর্থাৎ হিজাব, টুপি কিংবা হেলমেট ব্যবহার করলেই চুল পড়বে—এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং চুল পড়ার পেছনে শারীরিক, মানসিক ও পরিবেশগত নানা কারণ কাজ করতে পারে। তাই চুলের পাশাপাশি মাথার ত্বকের পরিচ্ছন্নতা ও সুস্থতার দিকেও নজর দেওয়া প্রয়োজন।
ডা. শায়লা হকের মতে, বাইরের ধুলাবালি ও বিভিন্ন ধরনের পরিবেশদূষণও চুলের সমস্যার কারণ হতে পারে। তাই নিয়মিত চুল ও মাথার ত্বকের যত্ন নেওয়া এবং অস্বাভাবিক কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
চুল পড়া কমাতে করণীয়
চুল পড়ার সমস্যা নিয়ন্ত্রণে রাখতে হলে শুরুতেই এর প্রকৃত কারণ শনাক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরিচর্যা শুরু করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যাদের পরিবারে বংশগতভাবে অ্যালোপেশিয়ার ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা গুরুতর হওয়ার আগেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন ডা. শায়লা হক। তাঁর মতে, বংশগত কারণে চুল পড়লে অ্যাস্থেটিক ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে।
অন্যদিকে, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা পুষ্টির ঘাটতি থেকে এ সমস্যা দেখা দিলে প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট দেওয়া হয়। চুলের সুস্থতা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, আয়রন ও ভিটামিন সি রাখা প্রয়োজন। এ জন্য ডিম, মাছ, মাংস, ডাল, ছোলা, পালং শাক, লাল শাক, বাদাম, কলা, পেয়ারা ও লেবুর মতো পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিনের মতে, আমলকি, আমড়া এবং বিভিন্ন মৌসুমি টক ফল চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি নিয়মিত প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ, কারণ চুলের মূল উপাদানই হলো প্রোটিন। মাছ থেকে পাওয়া জিংকও চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সহায়তা করে বলে জানান তিনি।
খাদ্যাভ্যাসের পাশাপাশি চুলের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। তবে যাদের প্রতিদিন ধুলাবালি ও ঘামের মধ্যে থাকতে হয়, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার পর কন্ডিশনার চুলের গোড়ায় না লাগিয়ে মাঝের অংশ থেকে আগা পর্যন্ত ব্যবহার করা ভালো। এ ছাড়া ভেজা চুলে জোরে চিরুনি চালানো এবং চুল শুকানোর জন্য অতিরিক্ত তাপযুক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা।
শ্যাম্পু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকার কথা বলছেন ডা. ইরিন। তাঁর পরামর্শ, অ্যালোভেরা ও আমলার মতো ভেষজ উপাদানের নির্যাসযুক্ত শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। চুল আঁচড়ানোর জন্য কাঠের চিরুনি বেছে নেওয়ার পরামর্শও দেন তিনি। তাঁর মতে, প্লাস্টিকের চিরুনি চুলের স্বাভাবিক গঠন ও মাথার ত্বকের ওপরের সুরক্ষামূলক স্তরের ক্ষতি করতে পারে।
চুল পড়ার পেছনে বাহ্যিক ও শারীরিক কারণের পাশাপাশি মানসিক চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডা. ইরিনের মতে, মানসিক চাপ যত কম রাখা সম্ভব হবে, চুলের ওপর এর নেতিবাচক প্রভাবও তত কমবে। হিজাব, হেলমেট কিংবা অন্যান্য বাহ্যিক কারণে চুলে চাপ তৈরি হতে পারে। তবে মানসিক চাপ নিয়ন্ত্রণের বিষয়টি অনেকটাই ব্যক্তির নিজের হাতে। তাই চুলের যত্নের পাশাপাশি মানসিক চাপ কমানোর দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন।
চিকিৎসা নিয়ে যেসব ভুল ধারণা
চুল পড়ার কারণ ও প্রতিকার নিয়ে সমাজে নানা ধরনের প্রচলিত ধারণা ও ভুল বিশ্বাস রয়েছে। অনেকেই সঠিক কারণ জানা বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আগেই বিভিন্ন ঘরোয়া টোটকা ও অবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। এতে অর্থ ও সময় ব্যয় হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।
শ্যাম্পু বদলালেই চুল পড়া বন্ধ হবে
অনেকের মধ্যেই এমন ধারণা প্রচলিত থাকলেও বাস্তবে শ্যাম্পুর কাজ চুল পরিষ্কার রাখা, নতুন চুল গজানো নয়। মানসম্মত শ্যাম্পু মাথার ত্বক পরিচ্ছন্ন রাখতে এবং চুলের ভঙ্গুরতা বা ভেঙে যাওয়া কমাতে সাহায্য করতে পারে। তবে হরমোনের ভারসাম্যহীনতা কিংবা শরীরে পুষ্টির ঘাটতির মতো অভ্যন্তরীণ সমস্যার সমাধান শ্যাম্পু দিয়ে সম্ভব নয়।
প্রতিদিন চুলে তেল না দিলে চুল পড়ে
চুলে তেল ব্যবহারে চুলের আর্দ্রতা বজায় থাকে, চুল নরম হয় এবং মাথার ত্বকের শুষ্কতা কমে। তবে তেল চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে বা নতুন চুল গজাতে সাহায্য করে—এমন প্রমাণ নেই। বরং অতিরিক্ত তেল ব্যবহার করলে মাথার ত্বকে খুশকি ও ছত্রাকের সংক্রমণের সমস্যা বেড়ে যেতে পারে।
পেঁয়াজের রস, আদা, রসুনে টাক সেরে যায়
চুলের যত্নে প্রচলিত এসব পদ্ধতির অনেকগুলোরই বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং কিছু উপাদান ব্যবহারের ফলে মাথার ত্বকে জ্বালাপোড়া, অস্বস্তি কিংবা অ্যালার্জির মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ডা. শায়লা হক বলেন, এসব ধারণা মূলত ভ্রান্ত। তাঁর মতে, অতিরিক্ত রাসায়নিকযুক্ত শ্যাম্পু এড়িয়ে মাইল্ড বা মৃদু শ্যাম্পু ব্যবহার করা মাথার ত্বকের জন্য ভালো। পাশাপাশি চুলের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী তেল ব্যবহার করা যেতে পারে।
চুল পড়া মানেই ক্যানসার বা গুরুতর কোনো রোগের লক্ষণ কিংবা একবার টাক পড়লে আর কখনো চুল গজাবে না—এমন ধারণাও অনেকের মধ্যে প্রচলিত। তবে বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রে সাধারণ বিভিন্ন কারণেই চুল পড়ে। তারপরও হঠাৎ অতিরিক্ত পরিমাণে চুল ঝরতে শুরু করলে অথবা মাথার ত্বকে ক্ষত, চুলকানি কিংবা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্রঃ বিবিসি


T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url